


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বিক্রি ও পশু পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মামলাকারীরা হলফনামার কপি না দেওয়ার কারণে বুধবার এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ১ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি। আলিপুর চিড়িয়াখানা থেকে কয়েকশো প্রাণী উধাও হওয়া এবং চিড়িয়াখানার জমি বিক্রি করা হচ্ছে অভিযোগ জানিয়ে, ‘স্বাধীন’ নামে একটি সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সংস্থার দাবি, গত ৩০ বছর ধরে গরমিল চলেছে। অন্তত গত দশ বছরের সমস্ত হিসেব খতিয়ে দেখা হোক।