


শ্রীনগর: মিউল অ্যাকাউন্ট ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে প্রতারণা। জম্মু ও কাশ্মীরে বড়োসড়ো হাওয়ালা চক্রের পর্দা ফাঁস করল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। তদন্তে নেমে গত তিন বছরে উপত্যকাজুড়ে ৮ হাজারের বেশি মিউল অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, সাইবার প্রতারণার কাজেই এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন জঙ্গিগোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী শক্তির দেশবিরোধী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার নেপথ্যে কাজ করছিল পুরো চক্রটি। এর সঙ্গে কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশকে দ্রুত এলাকার ব্যাংকগুলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যাতে মিউল অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত প্রতিরোধ করা যায়।
তদন্তকারী আধিকারিকদের কথায়, এই ধরনের চক্রে মিউল অ্যাকাউন্টই আসল হাতিয়ার। সাইবার প্রতারকরা কোনো তৃতীয় ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে অপরাধের টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিশনের লোভ দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ায় নেওয়া হয়। তারপর তা নানা ধরনের অপরাধের কাজে ব্যবহার করা হয়।
২০১৭ সালে জম্মু-কাশ্মীরে বেআইনি আর্থিক লেনদেন রুখতে অভিযান শুরু করে এনআইএ। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসাবেই মিউল অ্যাকাউন্ট সহ নিত্যনতুন মডেলকে হাতিয়ার করে চলেছে অপরাধীরা।