


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সর্বাধিক হোম স্টে গড়ে উঠেছে বাংলায়। সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারের বেশি। এবার এই সমস্ত হোম স্টে’র তথ্য মিলবে এক ক্লিকেই। পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জেলার নামের উপর ক্লিক করলেই বেরিয়ে আসবে সেই জেলার সমস্ত হোম স্টে’র ছবি, ফোন নম্বর থেকে শুরু করে যাবতীয় তথ্য। বৃহস্পতিবার প্রশ্ন-উত্তর পর্বে জানিয়েছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্যে পর্যটনকে শিল্পের তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হোম স্টে’র জন্য ইনসেন্টিভ পলিসিও নিয়ে এসেছে রাজ্য। যার জেরে বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং তার আশপাশে হোম স্টে স্থাপনের উৎসাহ বেড়েছে। এর জেরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চাঙ্গা হয়েছে এলাকার অর্থনীতি।