


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সিএবি’তে বসছে অ্যাপেক্স কমিটির সভা। সেখানে আলোচনার কেন্দ্র থাকছেন যুগ্মসচিব দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। এই দু’জনের বিরুদ্ধেই উঠেছে মারাত্মক অভিযোগ। তা নিয়েই অম্বুডসম্যান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কছে চলবে শুনানি। যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে টাকার বিনিময়ে দলে সুযোগ করে দেওয়া, ক্লাব পাইয়ে দেওয়া ছাড়াও সিএবি’র বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। দেবব্রত যদিও অম্বুডসম্যানের কাছে চিঠিতে বকেয়া টাকা আটকানোর অভিযোগ অস্বীকার করেছেন। কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে স্বার্থের সংঘাত ছাড়াও সিএবি’র টাকা আত্মসাতের অভিযোগ। উয়াড়ি ক্লাবের পক্ষ থেকেই তাঁর বিরুদ্ধে সিএবি’র গঠনতন্ত্রকে অস্বীকার করে দুই পদে একইসঙ্গে থাকার কথা বলা হয়েছে। তাছাড়া আর্থিক কারচুপির অভিযোগও উঠেছে। আলিপুর আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর’ও দায়ের করা হয়েছে থানায়। এসব নিয়েই অ্যাপেক্স কমিটির সভা উত্তপ্ত হতে পারে। সামনেই সিএবি’র নির্বাচন। সেই অঙ্কও কাজ করছে।