


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ৪৮৯ দিনের অপেক্ষার অবসান। ১০ ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। বুধবার শিলংয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল মানোলো-ব্রিগেড। সেই সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্লু টাইগার্স। উল্লেখ্য, মানোলোর প্রশিক্ষণে এটা ভারতের প্রথম জয়। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে রাহুল ভেকে, লিস্টন কোলাসো ও সুনীল ছেত্রী। আগামী মঙ্গলবার শিলংয়ের মাটিতেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে এই জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য থাকবে লিস্টনদের।
ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অবশেষে এদিন প্রথম একাদশে জায়গা পান বিশাল কাইথ। মালদ্বীপের বিরুদ্ধে তিনকাঠির নীচে ভরসা জোগালেন তিনি। পাশাপাশি অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে শুরু থেকে দলে রাখেন কোচ মানোলো। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন লিস্টনরা। তবে বোঝাপড়ার অভাবে কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধেনি। তার মধ্যেও ৩৮ মিনিটে ব্রেন্ডনের ভাসানো কর্নার থেকে হেডে জাল কাঁপান রাহুল ভেকে (১-০)।
বিরতিতে পর অবশ্য অনেক বেশি সঙ্ঘবদ্ধ দেখায় ভারতীয় দলকে। ৪৭ মিনিটে সুনীলের হেড গোললাইন সেভ না হলে ব্যবধান বাড়তেই পারত। এরপর ৬৪ মিনিটে এক সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন। তবে সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে পরের মিনিটেই স্কোরশিটে নাম তোলেন এই গোয়ানিজ উইঙ্গার। মহেশের ভাসানো সেন্টার থেকে হেডে লক্ষ্যভেদ তাঁর (২-০)। চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন লিস্টন। দেশের জার্সিতেও সেই ফর্ম বজায় রাখলেন তিনি। ১০ মিনিটের মধ্যেই ব্যবধান আরও বাড়ে। এবার স্কোরশিটে নাম তোলেন সুনীল। লিস্টনের সেন্টার থেকে হেডে লক্ষ্যভেদ ভারত অধিনায়কের (৩-০)।
ভারত: বিশাল, ভালপুইয়া (আপুইয়া), রাহুল, মেহতাব, শুভাশিস (আশিক), আয়ূস, সুরেশ (বরিস), মহেশ, ব্রেন্ডন (ফারুখ), লিস্টন (অভিষেক) ও সুনীল (ইরফান)।
ভারত-৩ : মালদ্বীপ-০
(রাহুল, লিস্টন, সুনীল)