


কলম্বো: শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে দুরন্ত ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে লঙ্কা বাহিনীকে হারানোর পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানে জিতলেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে ভারত ছয় উইকেটে তোলে ২৭৬। জবাবে দক্ষিণ আফ্রিকা অল-আউট হয় ২৬১ রানে। তবে একসময়ে প্রোটিয়াদের জয়ই নিশ্চিত মনে হচ্ছিল। কোণঠাসা পরিস্থিতি থেকে ম্যাচ ঘোরালেন স্নেহ রানা। ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই। এই জয়ের সুবাদে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারতীয় প্রমীলা ব্রিগেড। ৩ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়বার মাঠে নামবেন হরমনপ্রীতরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন প্রতীকা রাওয়াল (৭৮) ও স্মৃতি মান্ধানা (৩৬)। ছন্দে রয়েছেন প্রতীকা। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। মিডল অর্ডারে রান পান হরমনপ্রীত (৪১), জেমাইমা রডরিগেজরা (৪১)। ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে চাপে ফেলেছিলেন তাজমিন ব্রিটস (১০৯) ও উলভারডট (৪৩)। ওপেনিং জুটিতে প্রোটিয়া ব্রিগেড তোলে ১৪০ রান। এরপরই রানার ম্যাজিক শুরু। ৪৮তম ওভারে তিন উইকেট নেন তিনি। ওখানেই শেষ দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৬১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।