


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছল ভারত। একধাপ নেমে সদ্যপ্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্লু টাইগার্সের স্থান ১২৭। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ড্র করে মানোলো মার্কুয়েজের দল। ঘরের মাঠে সুনীল ছেত্রীদের বিবর্ণ পারফরম্যান্সের পর কাঠগড়ায় স্প্যানিশ কোচ। আইএসএলের জাঁকজমক আর গিমিকে আদৌ কতটা লাভবান হচ্ছে ভারতীয় ফুটবল? সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। ৪০ বছরের সুনীল ছেত্রীর কোনও বিকল্প নেই স্কোয়াডে। শুধু তাই নয়, মানোলো জমানায় প্রস্তুতি ম্যাচে দুর্বল মালদ্বীপকে হারানো ছাড়া কোনও সাফল্য নেই ভারতের। সবমিলিয়ে হতাশ ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের ভূমিকাও তথৈবচ। কর্তারা চেয়ার ধরে রাখতে ব্যস্ত। গ্রাসরুট ডেভেলপমেন্ট তলানিতে। এমনকী, সুপার কাপ আয়োজন নিয়েও একরাশ ধোঁয়াশা। সবমিলিয়ে ভারতীয় ফুটবলের পক্ষে অশনি সঙ্কেত। পাশাপাশি ভারতের বিরুদ্ধে ড্র করে দু’ধাপ এগিয়ে এল বাংলাদেশ। ১৮৩ নম্বরে রয়েছে পদ্মাপাড়ের দেশ।
বিশ্ব ক্রম তালিকায় যথারীতি শীর্ষে আর্জেন্তিনা। বিশ্বচ্যাম্পিয়ন স্কালোনি ব্রিগেড লিও মেসিকে ছাড়াই নাকানিচোবানি খাইয়েছে ব্রাজিলকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে স্পেন ও ফ্রান্স। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের র্যাঙ্কিং ৭।