


শিকাগো: বিমানে দুই যাত্রীর উপর হামলা চালানোর অভিযোগ ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধে। এক মহিলা যাত্রীকে চড় পর্যন্ত মারে সে। অভিযুক্তের নাম প্রণীতকুমার উসিরিপল্লি (২৮)। গত শনিবার আমেরিকার শিকাগো থেকে জার্মানির ফ্রাঙ্কফুার্টগামী বিমানে ঘটনাটি ঘটে। হামলার পরেই বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিল প্রণীত। তবে এই মুহূর্তে তার কাছে সেখানে থাকার কোনও বৈধ নথি নেই। দোষী প্রমাণিত হলে প্রণীতের ১০ বছর জেল ও আড়াই লক্ষ মার্কিন ডলার জরিমানা হতে পারে। পুলিশ সূত্রে খবর, আহত দুই কিশোর পাশাপাশি বসেছিল। তৃতীয় আসনে বসেছিল প্রণীত। আচমকা কাঁটাচামচ নিয়ে দুই কিশোরের উপর হামলা চালায় ওই ভারতীয় পড়ুয়া। ঘটনায় একজনের কাঁধে ও অন্যজনের মাথায় চোট লাগে। এক মহিলা যাত্রীকে চড় মারে প্রণীত। বিমানকর্মীরা বাধা দিতে এলে তাদের শাসানো হয়। পরে এক বিমানকর্মীকেও চড় মারার চেষ্টা করে অভিযুক্ত।