


টরন্টো: আবারও ভারতীয় ছাত্রকে খুনের ঘটনা কানাডায়। গত মঙ্গলবার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের বাইরে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় ২০ বছর বয়সি পিএইচডি পড়ুয়া শিবাঙ্ক অবস্তির দেহ। তবে হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তের খোঁজ দিতে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
শিবাঙ্কের খুনের ঘটনা কানাডায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্নের জন্ম দিল। চলতি বছরে টরন্টোয় এটি ৪১তম খুনের ঘটনা। বুধবার পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়, ওল্ড কিংসটন রোড এলাকা ও হাইল্যান্ড ক্রিক ট্রেইল থেকে মঙ্গলবার বিকেল ৩টে ৩৪ নাগাদ ফোন আসে, রাস্তায় জখম অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছোনো গেলেও আক্রান্তকে বাঁচানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। অন্যদিকে পুলিশ আসার আগেই হামলাকারী পালিয়ে যায় বলে খবর।
ইতিমধ্যেই শিবাঙ্ক খুনে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানিয়েছে, শিবাঙ্কের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ ফিরিয়ে আনতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার তা করা হবে। লাগাতার মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও তারা জানিয়েছে।
গত সপ্তাহেই ৩০ বছরের ভারতীয় মহিলা হিমাংসি খুরানাকে খুন করা হয়েছিল। সেই ঘটনায় আব্দুল গাফুরি নামে সন্দেহভাজন এক যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।