


নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস সাংসদ শশী থারুর। সংবাদমাধ্যমে লেখা প্রতিবেদনে মোদিকে ‘ভারতের প্রধান সম্পদ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। পহেলগাঁওয়ে হামলা পরবর্তী ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই ঘটনা ঘিরে দু’দেশের সংঘাত চরমে ওঠে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান তুলে ধরতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। উত্তর ও লাতিন আমেরিকায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শশী। এরপর দেশে ফিরে মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে থারুরের দূরত্ব বাড়ার খবর সামনে এসেছে। তিরুবনন্তপুরমের সাংসদ নিজেও দলের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন। এরই পরিপ্রেক্ষিতে থারুরের ফের মোদি-বন্দনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এবার প্রতিবেদনে থারুর লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যম, তৎপরতা, ইচ্ছাশক্তি বিশ্বমঞ্চে ভারতের প্রধান সম্পদ। তা আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য।’ভারতীয় প্রতিনিধি দলের সফর বিশ্বমঞ্চে ভারতের ঐক্যকে তুলে ধরবে বলেও মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অপারেশন সিন্দুরকে বলিষ্ঠ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আত্মরক্ষার জন্য এই বৈধ পদক্ষেপ নিয়েছিল ভারত। দীর্ঘদিন ধরে চলতে থাকা সীমান্তপারের সন্ত্রাসের জবাব দিতেএর দরকার ছিল।বিষয়টি আমরা বোঝাতে পেরেছি।ওখানে পাক প্রতিনিধি দলও উপস্থিত ছিল। কিন্তু আমাদের কথার প্রতিধ্বনিই শোনা গিয়েছে মার্কিন প্রতিনিধিদের গলায়। লস্কর-ই-তোইবা, জয়েশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।’ -ফাইল চিত্র