


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। আইপিএল ২০২৫-এর ফাইনাল হবে না কলকাতার ইডেন গার্ডেন্সে। নতুন সূচি অনুযায়ী ইডেনে প্লে-অফ বা ফাইনালের কোনও উল্লেখই নেই। লিগের ফাইনাল হবে গুজরাতের আহমেদাবাদে। বিসিসিআই জানিয়েছে, প্রথম কোয়ালিফায়ার (২৯ মে) এবং এলিমিনেটর (৩০ মে) হবে মুল্লানপুরের পিসিএ স্টেডিয়ামে। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার (১ জুন) এবং ফাইনাল (৩ জুন) ম্যাচ খেলা হবে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রতিটা ম্যাচ শুরু হবে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। মূলত আবহাওয়ার পরিস্থিতির কথা চিন্তা করেই ভ্যেনু পরিবর্তনের এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। অপরদিকে, গতবারের লিগ চ্যাম্পিয়ন ছিল কেকেআর। ফলে নিয়ম অনুযায়ী, এবার ফাইনাল হওয়ার কথা ইডেনেই। কিন্তু ভারত-পাক যুদ্ধ আবহে আচমকাই বন্ধ হয়ে যায় চলতি বছরের আইপিএল। সেটি ফের শুরু হওয়ার পরে প্লে-অফ, ফাইনালের ভেন্যু ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন এই সূচিতেই ভেন্যুর পরিবর্তন করা হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ শহর কলকাতার ক্রীড়াপ্রেমীরা। পাশাপাশি বৃষ্টির জন্য হায়দরাবাদ-বেঙ্গালুরুর ম্যাচের ভ্যেনুও পরিবর্তন করা হয়েছে। ২৩ মে ওই ম্যাচটি বেঙ্গালুরুর বদলে হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।