


হায়দরাবাদ: হায়দরাবাদে ৪০০ একর বনাঞ্চল ধ্বংস করে আইটি পার্ক তৈরি নিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন বিআরএস নেতা কে টি রামা রাও। এই প্রকল্পের সঙ্গে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির যোগ রয়েছে বলে দাবি করেছেন রামা রাও। তাঁর আরও অভিযোগ, এই দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। রেবন্ত একইসঙ্গে দুর্নীতির মাস্টারমাইন্ড ও একমাত্র সুবিধাভোগী বলেও দাবি রামা রাওয়ের। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে রামা রাও জানান, তাঁর দল চায়, এই দুর্নীতির তদন্তের দায়িত্ব কোনও কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হোক। জমির আসল মালিক কে, তা যাচাই না করেই যেভাবে একটি বেসরকারি ব্যাঙ্ক রাজ্য সরকারকে বিপুল টাকা ঋণ দিতে সম্মত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিআরএস নেতা। ওই বেসরকারি ব্যাঙ্কটি জমির বাজার দরের থেকে অনেক বেশি দরে ঋণ দিতে রাজি হয়েছিল বলেও দাবি তাঁর।
এদিন রামা রাও অভিযোগ করে বলেন, কংগ্রেস ১৫ মাস আগে তেলেঙ্গানার ক্ষমতায় এসেছে। আর মুখ্যমন্ত্রী রেবন্ত ‘থ্রি-ডি’ মন্ত্রে রাজ্য চালাচ্ছেন। এই থ্রি-ডি হল—প্রতারণা (ডিসেপশন), ধ্বংস (ডেসট্রাকশন) ও বিভ্রান্তি (ডিস্ট্রাকশন)। এর জেরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য সরকার বেআইনিভাবে জমি অধিগ্রহণ করে উন্নয়নের আড়ালে প্রকাশ্যে আর্থিক শোষণ করছে। শুধু কংগ্রেস নয়, এই দুর্নীতির সঙ্গে বিরোধী দল বিজেপিও জড়িত বলে অভিযোগ রামা রাওয়ের।
যদিও রামা রাওয়ের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলের সাংসদ চমলা কিরণ কুমারের দাবি, বিআরএস নেতা ভুয়ো অভিযোগ তুলে সাধারণ মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। ওই ৪০০ একর জমির মালিক যে রাজ্য সরকার, তাতে কোনও প্রশ্ন নেই। কংগ্রেস যেভাবে জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে, তাতে বিআরএস ভয় পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।