


মায়ামি: রবিবার মায়ামি ওপেন জয়ের মধ্যে দিয়ে সানসাইন ডাবলস পূর্ণ করেছিলেন আরিনা সাবালেঙ্কা। ২৪ ঘণ্টার মধ্যে পুরুষদের সিঙ্গলসে সেই কীর্তি গড়লেন জানিক সিনার। সোমবার মায়ামি ওপেনের ফাইনালে হিজি লাহেস্কাকে স্ট্রেট সেটে বশ মানালেন তিনি। ম্যাচের ফল ৬-৪, ৬-৪। কয়েকদিন আগেই ইন্ডিয়ান ওয়েলস জয়ের স্বাদ পেয়েছিলেন ইতালিয়ান তারকা। এবার মায়ামি ওপেন চ্যাম্পিয়নের সুবাদে ‘সানসাইন ডাবলস’ পূর্ণ করলেন তিনি। উল্লেখ্য, এক সঙ্গে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জয়কে বলে ‘সানসাইন ডাবলস’। এর আগে ২০১৭ সালে এই নজির গড়েছিলেন রজার ফেডেরার। তবে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে কোনও সেট খুইয়ে এই কীর্তি গড়লেন সিনার। সোমবার ফাইনাল শেষে তিনি জানান, ‘এটা খুবই স্পেশাল মুহূর্ত। প্রথমে ইন্ডিয়াস ওয়েলস, তারপর এবার মায়ামি ওপেন জয়। গত কয়েক সপ্তাহ দারুণ কাটল। ক্যালেফোর্নিয়া থেকে সরাসরি এখানে এসে খেলাটা সহজ ছিল না। তবে যাবতীয় ক্লান্তিকে দূর করিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারায় ভালো লাগছে।’