


হায়দরাবাদ: আইপিএলে শুরুর দিকের ম্যাচগুলিতে পিঠের চোটের জন্য খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ঈশান কিষান। ডেপুটি ঘোষিত হয়েছেন অভিষেক শর্মা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্লিয়ারেন্স নিয়ে সম্ভবত ২৩ মার্চ হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। তবে প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলবেন না তিনি। সেজন্যই অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হল ঈশানের নাম। ফলে এবারের আইপিএলের গোড়ায় অংশগ্রহণকারী দশটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কই ভারতীয়। এর আগে ২০১৯ সালেও এমনটা হয়েছিল। সেবারও সানরাইজার্সের ক্যাপ্টেন ছিলেন একজন বিদেশি, কেন উইলিয়ামসন। কিন্তু তিনি প্রথম ম্যাচে খেলেননি। তাই ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দিয়েছিলেন। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে।