


হিংসাদীর্ণ, উত্তপ্ত মণিপুরের গল্প ইতিহাস গড়ল ৭৯তম বাফটা মঞ্চে। বেস্ট ‘চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হল ‘বুং’। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি প্রযোজিত ছবিটি প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে পুরস্কার জিতল। রবিবার রাতে লন্ডনে রয়্যাল ফেস্টিভ্যাল হলে ঘোষিত হল ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার। সেই মঞ্চে পুরস্কৃত লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত আঞ্চলিক ভাষার ছবি ‘বুং’। ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-এর মতো একাধিক হলিউডের বড় বাজেটের ছবিকে পিছনে ফেলে জুরি সদস্যদের মন জিতেছে মণিপুরের গল্প। গত কয়েক বছর ধরে অগ্নিগর্ভ মণিপুরকে এই খবর কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। এদিন বাফটার মঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক ফারহান আখতার, রীতেশ, লক্ষ্মীপ্রিয়া। ‘গর্বিত’ ফারহান ঐতিহাসিক জয়ের পর বলেছেন, ‘যাঁরা স্বপ্ন দেখেন, গল্প বলতে চান, তাঁদের জন্য এক বিরাট পাওনা।’ পরিচালক লক্ষ্মীপ্রিয়া বলেন, ‘মণিপুরের বাস্তুচ্যুত শিশুদের নির্মল শৈশব ফিরুক।’ এদিন আন্তর্জাতিক নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও। ‘নমস্কার’ বলে হিন্দিতে বক্তব্য শুরু করেন তিনি। বলেন, ‘আমরা সকলে সিনেমার ভাষায় কথা বলি।’ মেয়ে রাহাই তাঁর অনুপ্রেরণা, তা জানাতেও ভোলেননি নায়িকা। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে স্মরণ করা হয় বাফটার মঞ্চে। এদিন সেরা ছবির পুরস্কার পেয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন পরিচালক পল থমাস অ্যান্ডারসন। সেরা স্ক্রিন প্লে’র শিরোপাও পেয়েছে ছবিটি। মোট ছ’টি পুরস্কার জিতেছে এই সিনেমা। সেরা ছবি (ইংরেজি ব্যতীত অন্য ভাষায় তৈরি) পুরস্কার পেয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার পেয়েছে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। টিমোথি শ্যালমেট অভিনীত ‘মার্টি সুপ্রিম’ ছবিটি ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। তবে কোনো পুরস্কার জিততে পারেনি এই ছবি।