


চেন্নাই: চার ম্যাচে তিনটিতে হার। পয়েন্ট তালিকায় সবার শেষে। এই অবস্থায় মাথিশা পাথিরানার দলে যোগ দেওয়ার সংবাদ নিঃসন্দেহে কেকেআর শিবিরের কাছে খুবই ইতিবাচক। কারণ, আইপিএলের শুরু থেকে পেস বোলিং নিয়ে রীতিমতো ভুগতে হচ্ছে রাহানেদের। অনেক ম্যাচে হারের কারণ হয়েছে বোলিং ব্যর্থতা। তাই পাথিরানা খেললে সমস্যা কিছুটা মিটতে পারে। তবে শ্রীলঙ্কার পেসারটি দীর্ঘদিন চোট সমস্যায় ভুগছিলেন। সেজন্য সময়মতো যোগ দিতে পারেননি কেকেআর শিবিরে। অবশেষে পেয়েছেন এনওসি। আশা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এদিকে, মঙ্গলবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ভুলত্রুটি শুধরে নেওয়ার উপর বাড়তি জোর দিতে দেখা গেল রাহানেদের। প্রথম জয়ের খোঁজে মরিয়া সোনালি-বেগুনি জার্সিধারীরা। মনে করা হচ্ছিল, ধুঁকতে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের খরা কাটানোর সুবর্ণ সুযোগ থাকবে শাহরুখ খানের দলের কাছে। কিন্তু সঞ্জু স্যামসনের ফর্মে ফেরার সঙ্গে সিএসকে’ও জয়ের স্বাদ পেয়েছে। ধোনিও ফিট হয়ে উঠছেন। ঘরের মাঠে বিপুল দর্শক সমর্থনও থাকবে গায়কোয়াড়দের পাশে। তাই কেকেআরের হারের সরণি থেকে বেরিয়ে আসা সহজ হবে না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।