


মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে প্রথম মরশুমে একরাশ হতাশা জুটল তাঁর কপালে। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫০ ম্যাচে ৩৩টি গোল রয়েছে এমবাপের ঝুলিতে। তবে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ ফরাসি তারকা। কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে আর্সেনালের কাছে দু’লেগেই গোল নেই এমবাপের। আর এমন পারফরম্যান্সের পরই রিয়াল সমর্থকদের রোশের মুখে পড়তে হল তাঁকে। কার্ড সমস্যায় লা লিগায় গত ম্যাচে দলে ছিলেন না এমবাপে। তবে সান্তিয়াগো বার্নাব্যুর ভিআইপি বক্সে হাজির ছিলেন তিনি। আর জায়ান্ট স্ক্রিনে ফরাসি তারকার ছবি ভেসে উঠতেই গ্যালারি থেকে ভেসে আসে তির্যক মন্তব্য। অনেকেই তাঁর নাম ধরে দুয়ো দিতে থাকেন। স্বাভাবিকভাবেই সমর্থকদের কাছ থেকে এমন ব্যবহারে রীতিমতো অস্বস্তি বাড়ায় এমবাপের।
এবার ফরাসি তারকাকে একহাত নিলেন প্রাক্তন রিয়াল কোচ ফাবিও কাপেলো। তাঁর মতে, জার্সির ভার নিতে ব্যর্থ এমবাপে। মাদ্রিদে আয়োজিত এক পুরস্কার অনুষ্ঠানে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সির ওজন অনেক বেশি। সম্ভবত এমবাপে কোথায় খেলতে এসেছে, তা এখনও ভালোভাবে বুঝে উঠতে পারেনি। আমার কাছে পরিসংখ্যান গুরুত্ব রাখে না। দলের প্রয়োজনে কে কতটা নিজেকে উজাড় করে দিচ্ছে, সেটাই প্রধান। সেই জায়গা থেকে এমবাপে ব্যর্থ। কারণ মোক্ষম সময়ে সে গোল করে দলকে সাহায্য করতে পারেনি। মনে রাখতে হবে, বড় খেলোয়াড়রা আসল সময়ে জ্বলে ওঠে। তবে ওর কাছে এখনও সুযোগ রয়েছে। মরশুম শেষ হওয়ার আগে দলকে ট্রফি জেতাতে না পারলে কিন্তু সমালোচনা আরও জোরালো হবে। তাই এমবাপে সহ গোটা দলের এখন কোপা ডেল রে ও লা লিগা জয়ের জন্য ঝাঁপানো উচিত।’