


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলগঠন তখনও শুরু হয়নি। শোনা যায়, মিগুয়েল ফেরেরাকে সই করানোর জন্য শুধু ধরনা দিতে বাকি রেখেছিলেন অস্কার ব্রুজোঁ। আসলে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার। পদ্মাপারে চোখধাঁধানো সাফল্যের নেপথ্যে মিগুয়েল, রবসনের অবদান অনস্বীকার্য। অভিজ্ঞ অস্কার চেনা ঘোড়ার উপরেই বাজি ধরেছিলেন। আইএসএলে প্রথম দুই ম্যাচের পর চর্চার কেন্দ্রে সেই মিগুয়েল। ব্রাজিলিয়ান প্লে-মেকার ইস্ট বেঙ্গল সমর্থকদের স্বপ্নের সওদাগর। সোলো রান, ড্রিবলিংয়ে সাম্বার ছন্দ। কোমরের দোলায় জমি ধরাচ্ছেন বিপক্ষকে। এই মিগুয়েলকে দেখে প্রাক্তনরা মুগ্ধ। লাল-হলুদের ঘরের ছেলে তুষার রক্ষিত বললেন, ‘মিগুয়েল এককথায় গেমচেঞ্জার। অহেতুক ড্রিবল না করে ঠিক সময়ে বল ছাড়ে। তবে ইউসেফের কথাও বলতে হবে। গোল না হলে থ্রু পাস কাজে আসত না। এদের জুটি আরও ভয়ঙ্কর হবে।’
আগামী শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। অস্কার ব্রিগেডের সামনে জয়ের হ্যাটট্রিকের সুযোগ। এমন পরিস্থিতিতে মিগুয়েলরা স্বস্তি দিলেও সাউলকে নিয়ে খচখচানি থাকছেই। স্প্যানিশ মিডিও এমনিতেই চোটপ্রবণ। সূত্রের খবর, জামশেদপুরের বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। স্ন্যাচিংয়ের পাশাপাশি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সাউল সাবলীল। বক্স টু বক্স খেলতে পারেন। কঠিন ম্যাচে তাঁর অনুপস্থিতি সমস্যার কারণ হতে পারে। ওই জায়গায় ডেনমার্কের অ্যান্টনকে তৈরি রাখছেন অস্কার। উল্লেখ্য, নিয়মের জাঁতাকলে দিল্লির বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে ড্যানিশ ফুটবলারের। আসলে কেভিন সিবলে চোট পাওয়ার পর অস্কারের ভাঁড়ারে কোনও বিদেশি ডিফেন্ডার নেই। তাই প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে প্রেসিং ফুটবলই স্প্যানিশ কোচের হাতিয়ার। সেক্ষেত্রে ইউসেফ, মিগুয়েলের সঙ্গে অ্যান্টনের কম্বিনেশন ক্লিক করলে টিম ম্যানেজমেন্টের চিন্তা কমবে।
এদিকে, রবিবার অনূর্ধ্ব-১৬ জুনিয়র লিগে বড় জয় পেল ইস্ট বেঙ্গল। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-২ গোলে হারাল তারা।