


নয়াদিল্লি: ভারত, চীন সহ একাধিক দেশকে ‘নরককুণ্ড’ বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্য নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্টকে চরম বিদ্রুপ করল মুম্বইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল। এক্স হ্যান্ডলে একটি ১৭ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছে তারা। তাতে আধুনিক মহারাষ্ট্রের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক-প্রাকৃতিক সমৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই পোস্টে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘এর ফলে ট্রাম্পের আজেবাজে কথা বলা (বকওয়াস) কিছুটা কমতে পারে। ভারতে আদতে কেমন, তা আগে এসে দেখুন! তারপর কথা বলবেন।’
ঘটনার সূত্রপাত মার্কিন নাগরিকত্ব আইন ঘিরে। রেডিয়ো উপস্থাপক মাইকেল স্যাভেজের পডকাস্টের কথোপকথন লিখিত আকারে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘এখানে একটি শিশু জন্মালে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পেয়ে যায়। এরপরে তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো নরককুণ্ড থেকে পুরো পরিবারকে নিয়ে আসে। সমস্ত মাফিয়া পরিবার মিলে যা করেছে, তার চেয়েও বেশি ক্ষতি এরা করেছে। আমার মতে, ওরা আসলে ল্যাপটপ হাতে গুন্ডা। ওরা আমাদের লুটে নিয়েছে। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করে।’ ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছে ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে জানান, ‘এমন মন্তব্য কুরুচিকর এবং বেমানান। এই মন্তব্যে ভারত-আমেরিকার সম্পর্ক প্রতিফলিত হয় না।’ যদিও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। যদিও বৃহস্পতিবার নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ভারতকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। তিনি জানান, তাঁর ‘খুব ভালো বন্ধু’ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।