


নয়াদিল্লি: বিমানের টিকিট বাতিল ও বদলের নিয়মে বেশ কিছু পরিবর্তন করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। নতুন নিয়মে বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিমানের টিকিট বাতিল বা বদল করলে তার জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। তবে, এক্ষেত্রে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে যাত্রার সাতদিন আগে এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে যাত্রার ১৫ দিন আগে কাটা টিকিটে এই নিয়ম কার্যকর হবে না। নাম সংশোধনের ক্ষেত্রেও যাত্রীদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ডিজিসিএ। যদি টিকিটে যাত্রীর নামে ছোটো ভুল থাকে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে সংশোধন করা যাবে। তবে এক্ষেত্রে সরাসরি বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট কাটলেই এই সুবিধা মিলবে। টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও কড়া পদক্ষেপের পথে হেঁটেছে ডিজিসিএ। দীর্ঘদিন ধরেই বিমানযাত্রীরা অভিযোগ করেন, ট্রাভেল এজেন্ট বা থার্ড পার্টি পোর্টালের মাধ্যমে কাটা টিকিট বাতিল করলে টাকা ফেরত পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কিন্তু এখন থেকে এজেন্ট বা থার্ড পার্টি পোর্টাল থেকে কাটা টিকিট বাতিল করলেও টাকা ফেরতের দায়িত্ব বিমান সংস্থাকেই নিতে হবে। ক্রেডিট কার্ডে টিকিট কাটলে সাতদিনের মধ্যে টাকা ফেরাতে হবে। নগদে টিকিট কাটলে বিমান সংস্থার অফিস থেকে সঙ্গে সঙ্গে যাত্রীরা টাকা ফেরত পাবেন। আর এজেন্ট বা থার্ড পার্টি পোর্টাল থেকে টিকিট কাটলে যাতে ১৪ দিনের মধ্যেই যাত্রী পুরো টাকা ফেরত দিতে বলা হয়েছে। ‘মেডিকেল ইমার্জেন্সি’র জন্য টিকিট বাতিলের ক্ষেত্রেও কিছু ছাড় দিয়েছে ডিজিসিএ।