


হায়দরাবাদ: গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ। এবারও শুরুটা দাপটেই করেছিলেন ট্রাভিস হেডরা। প্রথম ম্যাচে পাহাড়প্রমাণ ২৮৬ তুলেছিল অরেঞ্জ ব্রিগেড। কিন্তু তার পরেই ছন্দপতন। শেষ চার ম্যাচে হেরে টেবিলের তলানিতে হায়দরাবাদ। এমন পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠ উপ্পলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে প্যাট কামিন্সের দল। জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা। তবে কাজটা সহজ হবে না। কারণ, চলতি আসরে শ্রেয়সের নেতৃত্বে দুরন্ত ফর্মে পাঞ্জাব। চার ম্যাচের তিনটিতে জিতে চার নম্বরে রয়েছে পন্টিংয়ের দল। অ্যাওয়ে ম্যাচে ছন্দ ধরে রাখতে প্রত্যয়ী কিংসরা। হায়দরাবাদের প্রধান শক্তি ব্যাটিং। গত মরশুমে প্রায় প্রতি ম্যাচেই ওপেনিং জুটিতে ঝড় তুলছিলেন হেড-অভিষেক। কিন্তু এবার একেবারেই ছন্দে নেই তাঁরা। সেটাই বিপদে ফেলছে দলকে।