


• বাংলায় ছবি এবং ধারাবাহিক প্রযোজনার পর এবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শীঘ্রই স্টার প্লাসে সম্প্রচারিত হবে ‘কভি নিম নিম কভি শহদ শহদ’। সদ্য মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন বাংলার সুপারস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ফের তিনি মুম্বইয়ে কাজ করায় উচ্ছ্বসিত বঙ্গের অনুরাগীরা। তবে এই ধারাবাহিকেও রয়েছে বাংলার ছোঁয়া। সূত্রের খবর, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র রিমেক এই হিন্দি ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যাবে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত আরবার কাজি ও আফিয়া তয়বালিকে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরাও। বেশ কিছু মজার খেলায় মেতে উঠেছিলেন মুখ্য চরিত্রাভিনেতারা। বাংলায় ‘কথা’ ধারাবাহিকে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’র রসায়ন দেখে মুগ্ধ দর্শক। সেই ম্যাজিক হিন্দিতে কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায়। চ্যালেঞ্জ আরবার ও আফিয়ারও। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, দু’টি ভিন্ন চিন্তাধারার মানুষের একে অপরকে ভালোবাসার গল্প বলবে এই ধারাবাহিক। ইমোশন ও ড্রামার মিশেলে সবরকম স্বাদই দেবে সিরিয়ালটি। হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসেবে উচ্ছ্বসিত প্রসেনজিৎ স্বয়ং। তাঁর বিশ্বাস, এই ধারাবাহিক দর্শকের মন জয় করবেই।