


অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পর ‘ডন’ হওয়ার কথা ছিল রণবীর সিংয়ের। সেই চরিত্রের জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন নায়ক। কিন্তু শুরুর আগেই স্বপ্নভঙ্গ। সূত্রের খবর, রণবীর ‘ডন’-এর চরিত্রে অভিনয় করছেন না। ‘ডন ৩’ ছেড়ে দিলেন নায়ক। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর বেছে কাজ করতে চাইছেন অভিনেতা। সে কারণেই এই সিদ্ধান্ত রণবীরের। ‘ডন’ গ্যাংস্টার ঘরানার ছবি। ‘ধুরন্ধর’-এর সঙ্গে ঘরানার পার্থক্য থাকলেও ছবির গল্পের ধাঁচ একই ধরনের। এ জন্য ছবিটি ছেড়ে দেওয়াই উচিত হবে বলে মনে করেছেন রণবীর। বর্তমানে তিনি ব্যস্ত ‘প্রলয়’ নিয়ে। জম্বির উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। ভারতীয় ছবির ক্ষেত্রেও তা নতুনত্বের স্বাদ দেবে। আপাতত এই ছবির উপরেই ফোকাস করতে চান অভিনেতা। রণবীরের এই সিদ্ধান্তের পর অথৈ জলে ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির ‘ডন ৩’। ইতিমধ্যে এই ছবিতে রণবীরের বিপরীতে কৃতীকে চূড়ান্ত করা হয়েছিল। রণবীর ছেড়ে দেওয়ায় নতুন নায়কের সন্ধানে নির্মাতারা।