


সংবাদদাতা, কাকদ্বীপ: অম্বুবাচী ও রথযাত্রা উপলক্ষ্যে কাকদ্বীপে বাজার ছেয়ে গিয়েছে পাকা কাঁঠালে। আড়তগুলিতেও বাড়ছে কেনাকাটার ভিড়। বিক্রির জন্য সারা বাজার জুড়ে খুচরো দোকানও ভরে গিয়েছে কাঁঠালে। কারণ সুন্দরবন অঞ্চলে অম্বুবাচী ও রথযাত্রা উপলক্ষ্যে কাঁঠাল খাওয়ার রেওয়াজ রয়েছে। তবে আগের তুলনায় এবছর কাঁঠালের চাহিদা থাকলেও, দাম অনেকটাই কম রয়েছে। মূলত বাজারে আমের দাম কম থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
জানা গিয়েছে, জামাইষষ্ঠীকে কেন্দ্র করে কাঁঠালের মরশুম শুরু হয়। তখন কাকদ্বীপ বাজারে গড়ে পাঁচটি করে কাঁঠালের গাড়ি আসে। এরপর ধীরে ধীরে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। কিছুদিন আগে পর্যন্ত রোজ প্রায় দশটি গাড়িতে করে কাঁঠাল আসছিল। কিন্তু বর্তমানে অম্বুবাচী ও রথযাত্রা উপলক্ষ্যে প্রতিদিন ১৫টি করে গাড়ি আসছে। অম্বুবাচী ও রথযাত্রা উপলক্ষ্যে তিন দিনে ৫০টি কাঁঠালের গাড়ির অর্ডার রয়েছে।
কাকদ্বীপের এক খুচরো কাঁঠাল ব্যবসায়ী রাধাকান্ত দাস বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর কাঁঠালের চাহিদা অনেক বেশি। কারণ এ বছর অনেক আগে থেকেই বৃষ্টি নেমেছে। আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকার কারণে ভালোই কাঁঠাল বিক্রি হচ্ছে। কিন্তু বাজারে আমের আমদানিও প্রচুর রয়েছে। যে কারণে আমের দাম খুবই কম। আর তাই কাঁঠালের দামও কম।
কাকদ্বীপের কাঁঠালের এক আড়তদার প্রকাশ শাসমল বলেন, সাইজ অনুপাতে কাঁঠালের দাম হয়। সাধারণত সাইজ অনুযায়ী ৬০ থেকে ৭০টি কাঁঠাল লাট করে পাইকারি দামে বিক্রি করা হয়। সেগুলির ওজন থাকে ১৫ থেকে ২০ কিলোর মধ্যে। দাম হয় ১২ হাজার টাকা। তবে আমদানি অনুপাতে দাম ওঠানামা করে। এবছর আবহাওয়া ঠান্ডা থাকার কারণে অম্বুবাচী ও রথযাত্রা উপলক্ষ্যে কাঁঠালের চাহিদা রয়েছে।