


ভিয়ারিয়াল- ১ : রিয়াল- ২
(হুয়ান) (এমবাপে)
মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে গত বুধবার টাই-ব্রেকারে আতলেতিকোকে বশ মানিয়েছে রিয়াল মাদ্রিদ। ১২০ মিনিটের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের ৭২ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামতে হয় এমবাপে-বেলিংহ্যামদের। শনিবার লা লিগায় অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল। এমবাপের জোড়া গোলে ভর করে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি। আর এই জয়ের পরই লা লিগা কর্তাদের একহাত নিলেন রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। লিগের ঠাসা সূচি নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। রীতিমতো হুমকির সুরেই লিগে ম্যাচ বয়কটের কথা জানান অভিজ্ঞ ইতালিয়ান কোচ। আনসেলোত্তি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম আমরা। এরপর দু’টি ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিশ্রামের সময় না থাকলে দল মাঠে নামবে না। এর আগেও ম্যাচ পিছনোর জন্য একাধিকবার লিগ কমিটিকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। এবার এর একটা বিহিত হওয়া প্রয়োজন।’
সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৭ দিনে ৬টি ম্যাচ খেলতে হয়েছে রিয়ালকে। এর মধ্যে লা লিগা, কোপা ডেল রে’র সেমি-ফাইনালের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচও ছিল। যার মধ্যে ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম লেগে জয়ের পর ফিরতি পর্বে হারের স্বাদ পেতে হয় তাদের। দু’লেগ মিলিয়ে স্কোর সমান থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর টাই-ব্রেকার। ফলে শারীরিকভাবে অনেকটাই বিধ্বস্ত ছিলেন রিয়াল ফুটবলাররা। এই অবস্থায় লা লিগায় গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে হওয়ায় বেজায় বিরক্ত এমবাপেরা। তাঁদের শরীরী ভাষায় ক্লান্তির ছাপও ছিল স্পষ্ট। ম্যাচের ৭ মিনিটে হুয়ান ফোয়াতের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে ১৭ ও ২৩ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন এমবাপে। এরপর দ্বিতীয়ার্ধে রক্ষণে লোক বাড়িয়ে কোনওক্রমে সেই লিড ধরে রাখে রিয়াল। কয়েক দিনের মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে নামবেন এমবাপে-মডরিচরা। তাই ছেলেদের যথাযথ বিশ্রাম দেওয়াই লক্ষ্য রিয়াল কোচের।