


নয়ডা: অসুস্থ মেয়েকে স্কুটারে চাপিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা। সঙ্গে এক আত্মীয়। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। মাঝ রাস্তায় তাঁদের স্কুটারে ধাক্কা দিল তীব্র গতিতে ছুটে আসা বিএমডব্লু গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বছরের শিশুটির। তার বাবা গুল মহম্মদ এবং আত্মীয় রাজা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের নয়ডার-২০ সেক্টরের এই ঘটনায় ঘাতক গাড়ির চালক যশ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিস। গাড়িতে তার সঙ্গী অভিষেক রাওয়াত নামে যুবককেও হেফাজতে নিয়েছে নয়ডা পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। অভিযুক্তরা নয়ডার-৩৭ এবং ৭০ সেক্টরের বাসিন্দা। গভীর রাতে রাস্তার সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ দেখে গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করা হয়। তারা মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃত দুই অভিযুক্ত। -পিটিআই