


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গভীর রাতে গুলি চালনার ঘটনা ঘটল নিউ কোচবিহারে। গতকাল রাত প্রায় ১২টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ কোচবিহারের সারদাপল্লি এলাকায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে প্রথমে মোটর বাইকের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এরপর প্রথমে চার রাউন্ড ও পরে ক্যান্সার হাসপাতালের সামনে আরও এক রাউন্ড গুলির শব্দ তারা শুনতে পান। দুইবারে মোট পাঁচ রাউন্ড গুলি চলানো হয়। যদিও এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। গুলির শব্দ শুনে দেরি না করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘিরে রাখা হয় গোটা এলাকা। নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পুন্ডিবাড়ি থানার ওসির নেতৃত্বে গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু করা হয়েছে। কে বা কারা এবং কেন এই গুলি চালানোর ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।