


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া‑কাণ্ডে শুক্রবার দুপুরে শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তরফে জমা পড়ল ষষ্ঠ রিপোর্ট। এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ইতিমধ্যে নতুন করে ছ’জন সাক্ষীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গুরুত্ব দিয়েই চলছে ঘটনার তদন্ত। এই ঘটনায় কোনও তথ্যপ্রমাণও লোপাট হয়নি। আমরা বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছি। যদিও সিবিআইয়ের এই তদন্তে খুশি নন অভয়ার বাবা‑মা। তাঁদের বক্তব্য, ‘প্রতিবারই একই কথা বলে আসছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাজের কাজ কী হচ্ছে, তা বুঝতে পারছি না। আমরা এই তদন্তে রীতিমতো হতাশ। তদন্তের গতি‑প্রকৃতি নিয়ে আমাদের নানা প্রশ্ন রয়েছে। এভাবে তদন্ত চললে কখনওই সুবিচার পাব না।’ নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে আদালতে বলেন, ‘এই ঘটনায় আর জি কর হাসপাতালের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে সিবিআই এখনও কেন কোনও পদক্ষেপ গ্রহণ করল না, সেটাই বড় আশ্চর্য।’ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ নভেম্বর।