


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিবিআই রিপোর্ট এবং চার্জশিটের ভিত্তিতে আদালতের পর্যবেক্ষণ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও আর্থিক দুর্নীতি কাণ্ডে ওতোপ্রোতভাবে জড়িত। বুধবার তাঁর তরফে আইনজীবী আদালতে সওয়াল করেন, তিনি একজন হুইসল ব্লোয়ার। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত সেই বক্তব্য খারিজ করে দিয়েছেন। সিবিআই দাবি করছে, তদন্তের স্বার্থে আখতার আলিকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে।