


চণ্ডীগড়: আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চণ্ডীগড় শাখা থেকে হরিয়ানা সরকারের গচ্ছিত ৫৯০ কোটি টাকা খোয়া গিয়েছিল। এই জালিয়াতির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সমস্ত টাকা উদ্ধার হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। পাশাপাশি দ্রুত তদন্তের আশ্বাসবার্তাও দেন তিনি। তদন্তে জানা গিয়েছে, এই জালিয়াতির মাস্টারমাইন্ড ব্যাংকের সংশ্লিষ্ট শাখার প্রাক্তন ম্যানেজার ঋভব ঋষি। হরিয়ানা সরকারের গচ্ছিত টাকা স্ত্রী ও শ্যালকের মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন অভিযুক্ত ঋভব। ইতিমধ্যেই ঋভব, তাঁর স্ত্রী স্বাতী সিংগলা, শ্যালক অভিষেক সিংগলা ও ব্যাংকের প্রাক্তন রিলেশনশিপ ম্যানেজার অভয়কে গ্রেপ্তার করেছে হরিয়ানার দুর্নীতি দমন শাখা।
দুর্নীতি দমন শাখার ডিরেক্টর জেনারেল এএস চাওলা জানিয়েছেন, এই জালিয়াতির নেপথ্যে রয়েছেন ঋভব আর তাঁর সঙ্গী অভয়। দু’জনে মিলে কয়েকমাস আগে থেকেই প্ল্যান করেছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছেড়ে দেন ঋভব ও অভয়। যাতে কারও কোনো সন্দেহ না হয়। কিন্তু শেষরক্ষা হল না। স্বস্তিক দেশ প্রজেক্টস নামে একটি সংস্থায় হরিয়ানা সরকারের টাকা সরানো হয়েছিল। এই সংস্থার মালিক ঋভবের স্ত্রী স্বাতী ও শ্যালক অভিষেক। ধৃতদের জেরা করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হরিয়ানা সরকারের স্বরাষ্ট্র দপ্তর, বেশ কয়েকটি পুরসভা এবং সরকারি সংস্থার অর্থ গচ্ছিত ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চণ্ডীগড় শাখায়। রবিবার আচমকা ৫৯০ কোটি টাকা উধাও হওয়ার খবর সামনে আসে। এই প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট শাখার কর্মীরাও জড়িত বলে জানা যায়। এরপরই নড়েচড়ে বসে সরকার।