


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সবুজসাথী’ প্রকল্পের ১১তম পর্যায়ে স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের সূচনা করেন। মুখ্যমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এই প্রকল্প নিয়ে বিস্তারিত বিবৃতিও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘এটি একটি বিশ্বজয়ী প্রকল্প। পরিবেশবান্ধব প্রকল্পটি চালু হওয়ার পর তা স্কুলে ড্রপ আউট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে আর সমস্যায় পড়তে হয় না। তারা সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে নবম শ্রেণির ১২ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী সাইকেল পাবে। এর জন্য সরকারের খরচ হবে ৫২৫ কোটি টাকা। মঙ্গলবারই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫০ হাজারের বেশি সাইকেল বিতরণ করা হয়েছে। বাকি সাইকেলগুলিও তাড়াতাড়ি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সবুজসাথী’ প্রকল্প শুরু হওয়ার পর ১০টি পর্যায়ে মে ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে। খরচ হয়েছে ৪ হাজার ৭৩০ কোটি টাকা।