


সংবাদদাতা, রামপুরহাট: সার্ভার নষ্ট হয়ে গিয়েছে। তার জেরেই দিন কয়েক ধরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের রামপুরহাট শাখায় পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন দীর্ঘ অপেক্ষায় থেকে একরাশ বিরক্তি নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। স্বভাবতই নিজের জমানো টাকা প্রয়োজনের সময় তুলতে না পারায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের।
গ্রাহকদের অভিযোগ, পাঁচদিন ধরে এই ব্যাঙ্ক থেকে তাঁরা পরিষেবা পাচ্ছেন না। বলা হচ্ছে ‘লিঙ্ক ফেলিওর’। প্রয়োজনে টাকা তোলা ও জমা করতে না পেরে সমস্যায় পড়েছেন তাঁরা। নিত্যদিন হন্যে হয়ে ঘুরতে হচ্ছে তাঁদের। গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে। গত কয়েক দিন ধরে জমানো টাকা তোলার জন্য লাইন দিয়ে, শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন ব্যাঙ্কেরই প্রাক্তন কর্মী নরেশ দে। তিনি বলেন, টাকা তোলার ভীষণ প্রয়োজন। কিন্তু, টাকা তুলতে গেলে বলা হচ্ছে সার্ভার পুড়ে গিয়েছে। লিঙ্ক ফেলিওর। গত শুক্রবার থেকে ব্যাঙ্কে যাচ্ছি, আর অপেক্ষা করে ফিরে আসছি। কিন্তু সার্ভার ঠিক করা হচ্ছে না। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, টাকা তোলার জন্য ফর্ম ফিলআপ করে কাউন্টারের সামনে দাঁড়াচ্ছি। কিন্তু কাউন্টারে থাকা ব্যাঙ্ককর্মী বলছেন, সার্ভার নষ্ট, আমরা কিছু করতে পারছি না। নিজের জমানো অর্থ তুলতে এসেও এত ভোগান্তি! ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও সার্ভার সারিয়ে তোলার ব্যাপারে কোনওরকম তৎপর হতে দেখছি না।
এক গ্রাহক বলেন, সামনে মেয়ের বিয়ে আছে। নিজের জমানো টাকায় মেয়ের জন্য কিছু গয়না তৈরি করে দেব বলে ঠিক করেছি। কিন্তু টাকার অভাবে বায়না দিতে পারছি না। এদিকে হাতেও খুব বেশি সময় নেই। কী যে করি, ভেবে পাচ্ছি না।
ব্যাঙ্কের শাখা প্রবন্ধক ধর্মেশ কুমার বলেন, দিন কয়েক আগে বাজ পড়ে সার্ভার নষ্ট হয়ে গিয়েছে। ইন্টারনেটের সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা ভেন্ডারকে জানিয়েছেন। কিন্তু কবে সারাই করা হবে, তা বলতে পারব না। নিত্যদিন গ্রাহকরা ঘুরে যাচ্ছেন। দেখে খুবই খারাপ লাগছে।