


সম্প্রতি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব হয়ে গেল উত্তর শহরতলির বেলঘরিয়ায়। স্থানীয় প্যারীমোহন লাইব্রেরি হলে ১২ ও ১৩ এপ্রিল স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলি প্রদর্শিত হয়। আয়োজক ডি এস এম প্রোডাকশন। বেলঘরিয়া ও সংলগ্ন অঞ্চলে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব এই প্রথম। স্বাভাবিকভাবেই সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উৎসবে ডকুমেন্টারি ও মিউজিক অ্যালবাম সহ মোট ২৫টি ছবি প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রগুলির মধ্যে ছিল অসমের ছবি নম্রতা দত্ত পরিচালিত ‘লক্ষ হীরা’, বাংলাদেশের ‘এ নাইট ইন এ পার্ক’। প্রদর্শিত স্বল্প দৈর্ঘ্যের সিনেমাগুলিতে পরিচালক, কলাকুশলীদের মুন্সিয়ানা দর্শকদের মুগ্ধ করেছে। দু’দিনের এই উৎসবে অরোরা ফিল্মের কর্ণধার অঞ্জন বসু, পরিচালক শর্মিষ্ঠা মাইতি, রাজদীপ পাল, সুবীর মন্ডল, অভিনেতা অমিত রায়, চিত্রগ্রাহক রানাপ্রতাপ কারফরমা, সাংস্কৃতিক সংগঠক তরুণ সর্বজ্ঞ, সায়নী দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসব অধিকর্তা পার্থ চক্রবর্তী ও ফেস্ট ডিরেক্টর কুণাল সেনগুপ্ত সহযোগিতা ও সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আটের দশকে ‘পরশুরামের কুঠার’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র বিশারদ শ্রীলেখা মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘চলচ্চিত্র আজ সমাজের দর্পণ হয়ে উঠেছে। বহু মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। কেবল বিনোদনই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের অন্যতম হাতিয়ারও বটে। সামাজিক অবক্ষয় রোধ করে মননশীলতার বিকাশ ও তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীল মনোভাব গড়ে তুলতে চলচ্চিত্রকে ব্যবহার করা যেতে পারে। খুব অল্প সময়েই এই চলচ্চিত্রগুলি নির্দিষ্ট বার্তা তুলে ধরে। আজকের ব্যস্ততম দুনিয়ায় তাই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দাগ কাটতে যথেষ্ট সক্ষম।’