


দেরাদুন: দুর্ঘটনার আতঙ্ক অতীত। উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল খোঁড়ার কাজ প্রায় শেষ। প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, আর মাত্র তিন মিটার টানেল খোঁড়ার কাজ বাকি। সব ঠিকঠাক চললে আগামী কাল, বুধবার সেই কাজ শেষ হয়ে যাবে। অপর এক আধিকারিক জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের কাজ শেষ হচ্ছে। তাই টানেল খোঁড়ার কাজের শেষ দিনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি উপস্থিত থাকবেন। যমুনোত্রী হাইওয়েতে অবস্থিত এই টানেলটি চালু হলে চার ধাম যাত্রা আরও সহজ হবে। তবে টানেল নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে, টানেল খোঁড়ার কাজ শেষ হওয়ার পর ভিতরে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি ও অতিরিক্ত মাটি সরানোর কাজ হবে। সেই সব কাজ শেষ হতে আরও এক বছর সময়সীমা ধরা হয়েছে। তারপরই সিল্কিয়ারা টানেল গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
২০১৮ সালে শুরু হয় সিল্কিয়ারা-পোলগাঁও টানেল তৈরির কাজ। প্রায় সাড়ে চার কিমি দীর্ঘ এই টানেলের জন্য ৮৫৩ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে কাজ চলার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। টানেলের ভিতর ধস নামায় আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ১৭ দিনের চেষ্টার পর সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। দু’মাস কাজ বন্ধ থাকার পর গত বছরের জানুয়ারিতে ফের শুরু হয় টানেল কাটার কাজ।