


প্যারিস: ফরাসি ওপেনে দাপটে এগচ্ছেন তারকারা। বৃহস্পতিবার পুরুষদের সিঙ্গলসে প্রত্যাশিতভাবে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করলেন নোভাক জকোভিচ, জানিক সিনার, আলেকজান্ডার জেরেভ। কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষে রোলাঁ গারোয় হাজির হওয়া জকোভিচ এদিন স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের কোরেন্তিন মাউতেতকে। ষষ্ঠ বাছাই সার্বিয়ান তারকা জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) সেটে। জোকারের সামনে প্রথম দুই সেটে কার্যত দাঁড়াতেই পারেননি কোরেন্তিন। তৃতীয় সেটে কিছুটা লড়াই হলেও টাইব্রেকারে অভিজ্ঞ নোভাক জকোভিচ হেলায় বাজিমাত করেন।
স্ট্রেট সেটে জিতেছেন শীর্ষ বাছাই জানিক সিনারও। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের গাব্রিয়েল রিচার্ডকে ৬-৩, ৬-০, ৬-৪ সেটে উড়িয়ে দেন বিশ্বের এক নম্বর সিনার। গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে টানা ১৬টি ম্যাচে প্রতিপক্ষকে বশ মানালেন ইতালিয়ান তারকা। অপর ম্যাচে ঘাম ঝরিয়ে জিততে হল জার্মানির আলেকজান্ডার জেরেভকে। নেদারল্যান্ডসের ডি’জংকে চার সেটের ম্যাচে পরাস্ত করেন তিনি। তৃতীয় বাছাই জেরেভের পক্ষে খেলার ফল ৩-৬, ৬-১, ৬-২, ৬-৩। অন্য তারকারা জিতলেও ছিটকে গেলেন সিসিপাস। ইতালির অনামী গিগেত্তির কাছে ৪-৬, ৭-৫, ২-৬, ৪-৬ সেটে পরাস্ত হন তিনি।
মহিলাদের সিঙ্গলসে সহজ জয় পেলেন দ্বিতীয় বাছাই কোকো গাফ। দ্বিতীয় রাউন্ডে চেক প্রতিপক্ষ তেরেজা ভালেনতোভাকে ৬-২, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন মার্কিন তারকা। ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রাখেন তিনি। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ মারিয়ে বুজকোভা। এছাড়া জয় পেয়েছেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। স্বদেশীয় আন লি’কে ৬-৩, ৭-৬ (৭-৩) সেটে হারান এই মার্কিন খেলোয়াড়।