


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল মামলায় রাজ্যের ‘রিভিউ পিটিশন’ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট ভাষায় ৩৪ পাতার পুনবির্বেচনার রায়ে জানিয়েছে, এই মামলার যাবতীয় বিষয় ইতিমধ্যেই বিচার করা হয়ে গিয়েছে। তাই ফের নতুন করে সবদিক বিচারের কোনও প্রয়োজন নেই। আবেদন খারিজ। উল্লেখ্য, ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কলুষিত মন্তব্য করে গত ৩ এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের যে রায় দিয়েছিল, তার উপর কোনও হস্তক্ষেপও করেনি। পুরো প্যানেল বাতিল করলেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। তবে একসঙ্গে একলোকের চাকরি হারানোর বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে গত ২৯ এপ্রিল রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করেছিল। সেটিও খারিজ হয়ে গেল।