


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীবাহী গাড়ির বাজার অনেকটাই চাঙ্গা রইল দেশজুড়ে। সঙ্গে যোগ্য সঙ্গত করল দু’চাকা গাড়িও। তাই ডিসেম্বর মাসের বিক্রিবাটার হার নিয়ে যথেষ্ট খুশি গাড়ি শিল্পমহল। ২০২৪ সালের ডিসেম্বর মাসের সঙ্গে গত মাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেব দেখে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন ‘সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ বা সিয়াম। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। অর্থাৎ পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি ওই সর্বভারতীয় সংগঠনের।
সিয়ামের হিসেব, গত মাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৪৯ হাজার। গত বছর, অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বর মাসে সেই অঙ্ক ছিল প্রায় ২ লক্ষ ৭১ হাজার। আশানুরূপ বিক্রি বেড়েছে দু’চাকা গাড়িরও। ২০২৪ সালের ডিসেম্বরে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১১ লক্ষ ৬ হাজার। আর গত মাসে তা দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ ৪১ হাজারে। ২০২৪ সালের ডিসেম্বরে যেখানে স্কুটারের বিক্রি ছিল ৪ লক্ষ ১৯ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার। গত মাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ। এক বছর আগে তা ছিল সাড়ে ছ’লাখের কিছু বেশি, জানাচ্ছে সিয়াম। এদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে যেখানে প্রায় ৭৯ হাজার যাত্রীবাহী গাড়ি রপ্তানি হয়েছিল, তা এবার কমে দাঁড়িয়েছে প্রায় ৬৯ হাজার। মার্কিন শুল্কনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এই সাময়িক ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দেশজুড়ে উৎসবের আবহ ডিসেম্বর মাসেও থাকায় এবং জিএসটির হার লাঘব হাওয়ায় সামগ্রিকভাবে গাড়ির বাজার চাঙ্গা ছিল। আগামী দিনেও পরিস্থিতি সদর্থক থাকবে বলেই আশাবাদী তাঁরা।