


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পালের নামে সিলমোহর দিয়েছে। বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পাল ওই দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রবাসী বাঙালি পরিবারে জন্ম বিচারপতি পালের। বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। এল এস ঝা মডেল স্কুলে পড়াশোনা করেন তিনি। পরে মধ্যপ্রদেশে জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে দীর্ঘসময় কাজ করেছেন তিনি। ২০১১ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি পদের দায়িত্ব লাভ করেন। ২০২৫ সালের ২৬ মে কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে।