


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিযায়ী শ্রমিকদের বর্তমান হাল জানতে দেশব্যাপী নমুনা সমীক্ষা চালাবে কেন্দ্রীয় সরকার। তথ্য সংগ্রহে তাঁদের বাড়ি বাড়ি যাবেন সমীক্ষকরা। আগামী জুলাই থেকে পররর্তী বছরের জুন মাস পর্যন্ত দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় এই সমীক্ষা চলবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সমীক্ষায় বাদ থাকবে কেবল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরিযায়ী শ্রমিকের হার, কাজের সন্ধানে তাঁদের অন্যত্র যাওয়ার কারণ, কেউ স্বল্প সময়ের জন্য পরিযায়ী হয়েছেন কি না প্রভৃতি তথ্য নেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের উপর সর্বশেষ সমীক্ষাটি হয়েছিল ২০০৭-০৮ সালে। সেটি করেছিল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজশন (এনএসও)। তারপর ২০২০-২১ সালে নমুনা সমীক্ষাতেও পরিষায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্যাদি নেওয়া হয়। আর পরিষায়ী শ্রমিকদের বর্তমান হাল জানতে তাঁদের উপর একটি বিস্তারিত নমুনা সমীক্ষা করবে কেন্দ্র। আগামী দিনে সরকারি নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং বিভিন্ন গবেষণামূলক কাজে এই তথ্য ব্যবহার করা যাবে। সমীক্ষা হবে গ্রাম ও শহর সর্বত্র। পরিযায়ী শ্রমিক কোন রাজ্য বা অঞ্চলে বেশি এবং তাঁরা কোন কোন জায়গায় কাজে যান মিলবে সেই ইঙ্গিত। পূর্ববর্তী স্থায়ী বাসস্থান ছেড়ে অন্যত্র কাজে যাওয়া শ্রমিকদেরকেই ‘পুরোপুরি পরিযায়ী’ ধরা হবে। কেউ বছরে ১৫ দিন থেকে ছ-মাসের জন্য বাইরে কাজ করতে গেলে তাঁকে ধরা হবে ‘স্বল্প সময়ের জন্য পরিযায়ী’ শ্রমিক। পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার সম্পর্কেও বিস্তারিত তথ্য নেবেন সমীক্ষকরা।