


দেখতে দেখতে ১৩ বছরে পা রাখল স্বর সম্রাট ফেস্টিভ্যাল। দেশের অন্যতম সেরা রাগ-সঙ্গীতের উৎসব হিসেবে পরিচিত এই ফেস্টিভ্যাল আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর নজরুল মঞ্চে আয়োজিত হচ্ছে। সরোদশিল্পী পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং তাঁর পরিবারের উদ্যোগে প্রতি বছর এই উৎসব আয়োজিত হয়। তাঁর গুরু স্বর সম্রাট আলি আকবর খানের নামেই এই উৎসবের নামকরণ। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের কথায়, ‘আলি আকবর খান যে কত বড় মাপের শিল্পী, তা বলার ভাষা আমার নেই! ওঁর নামে এই উৎসব, আমি চাইব রাগ সংগীতের অনুষ্ঠান আরও বেশি করে প্রচার পাক।’ কেবল দিকপাল শিল্পীরাই নন, নবীন প্রতিভারাও সুযোগ পাচ্ছেন এই উৎসবে। শিল্পী জানান, এই উৎসব মিস করবে উস্তাদ জাকির হুসেনকে। গতবছর এই ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল তাঁর। তবে তা আর হয়ে ওঠেনি। এ বছর এই অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তন্ময় বোস, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা।