


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা সিভিক ভলান্টিয়ারকে থানার সরকারি গাড়িতে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় এবার কৌশিক রায় নামে যাদবপুর থানার এক এসআই-কে দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ ওই এসআই-কে রিজার্ভ ফোর্সে বদলি করেছেন। উল্লেখ্য, অভিযোগ গুরুতর হওয়ায় আগেই মূল অভিযুক্ত তথা যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তীকে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিও-তে বদলি করেছে লালবাজার। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
লালবাজারের একটি সূত্র জানাচ্ছে, ঘটনার সময় এই এসআই গাড়িতেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিষয়টি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি, ঘটনার পর তিনি নির্যাতিতাকে অভিযোগ দায়ের থেকে নিরস্ত করার চেষ্টা করেন। এই ঘটনার তদন্তে যাদবপুর থানার আরও কয়েকজন অফিসার সহ পুলিশকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর কলকাতা পুলিশ জানতে পেরেছে, ঘটনাটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকের। অভিযোগ, নাইট রাউন্ডে যাওয়ার নাম করে মহিলা সিভিককে কার্যত জোর করে থানার গাড়িতে উঠতে বাধ্য করা হয়। তারপর শহরতলির একটি বারে গিয়ে মদ্যপান করেন সপার্ষদ ওসি। মহিলা সিভিককে মদ্যপান করতে জোরাজুরি করা হয়। কিন্তু তিনি রাজি হননি। এরপর থানার গাড়িতেই অভিযুক্ত ওসি মহিলা সিভিককে যৌন হেনস্তা করেন। লালবাজার কন্ট্রোল রুম থেকে বিষয়টি ডিসি (এসএসডি) চারু শর্মার কানে পৌঁছায়। ডিসির হস্তক্ষেপে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।