


চেন্নাই: প্রচারের শেষ দিনটি নিজের বিধানসভা কেন্দ্র কোলাতুরের জন্য বরাদ্দ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মঙ্গলবার সকালে প্রথমেই সেখানকার ভোটারদের সঙ্গে আলাপচারিতা। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন। সেখানে তামিল আবেগে শান দিয়েছেন ডিএমকে নেতা। স্ট্যালিন বলেন, ‘তামিল বিরোধী বিশ্বাসঘাতক এবং রাজ্যের আর্থিক অগ্রগতির বিরোধীদের কাছে আমি মূর্তিমান বিপদ। ডিলিমিটেশনের জেরে বিপদ ঘনিয়ে এসেছে। পরিবার পরিকল্পনার সাফল্যের জন্য শাস্তি পেতে হচ্ছে রাজ্যকে।’ এসব মনে রেখে ডিএমকে প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরইমধ্যে প্রচারের শেষদিনেও শাসক দল ডিএমকতে পরিবারতন্ত্র নিয়ে সরব থাকল বিরোধী এআইএডিএমকে। তারা এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়ছে।
তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অন্ধ্রের চন্দ্রবাবু নায়ডু, এনডিএ-র হয়ে প্রচার করেছেন। অন্যদিকে সেকুলার প্রোগ্রেসিভ অ্যলায়েন্সের হয়ে প্রচার সারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও।