


নয়াদিল্লি, ২৮ অক্টোবর: সামনেই দীপাবলি। উৎসবের মরসুম। সেখানেই বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ফের একবার মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। আরও ৩ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ থেকে ডিএ বেড়ে হল ৬৩ শতাংশ। দীপাবলিতে মোদি সরকারের উপহার, বুধবার জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
একই হারে বাড়ছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর। তাতেও প্রায় সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরফলে কেন্দ্র এবং রাজ্যের দেওয়ার ডিএ-র ফারাক বেড়ে হল ২৫ শতাংশ।
সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করা হয়। চলতি বছরেই এপ্রিলে কেন্দ্রীয় সরকার ডিএ ও ডিআর ২ শতাংশ করে বাড়ানোর ঘোষণা করে। সেই সময় মহার্ঘ ভাতার হার ছিল ৫৮ শতাংশ। যা বেড়ে ৬০ শতাংশ হয়। এবার আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বেড়ে হল ৬৩ শতাংশ। ১ জুলাই থেকেই বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে।