


ওয়াশিংটন: কানাডার উপর শুল্ক আরোপ ইস্যুতে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। জরুরি অবস্থার কথা উল্লেখ করে কানাডার পণ্যের উপর শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। বুধবার সেই শুল্ক বাতিলের পক্ষে প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ২১৯টি ভোটি। বিপক্ষে ২১১টি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সদস্য সংখ্যা ২১৮। আর ২১৪ জন ডেমোক্র্যাট। অর্থাৎ এক্ষেত্রে নিজের দল রিপাবলিকান সদস্যদের কয়েকজন ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
ফলে বুধবারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, নিম্নকক্ষ থেকে প্রস্তাব যাবে সেনেটে। সেখানেও গ্রিন সিগনাল মেলার সম্ভাবনা রয়েছে। অতীতে দু’বার এবিষয়ে ট্রাম্পকে আটকানোর চেষ্টা হয়েছিল সেনেটে। তবে সেনেটের অনুমতি পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। নাহলে প্রস্তাব আইনে পরিণত হবে না। সূত্রের খবর, শুল্ক বিরোধী প্রস্তাবে ভেটো দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ভেটো বাতিল করতে হলে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। নীতি নির্ধারণের ক্ষেত্রে সাধারণত ট্রাম্পের বিরোধিতা করেন না রিপাবলিকানরা। এদিকে হাউসে ভোটের পরেই নিজের দলের সদস্যদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের তোপ, ‘হাউস হোক বা সেনেট। কোনো রিপাবলিকান সদস্য শুল্কের বিরুদ্ধে ভোট দিলে নির্বাচনের সময়ে তার ফল ভুগতে হবে। শুল্ক আমাদের আর্থিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। কোনো রিপাবলিকান এই সুবিধা কেড়ে নিতে পারেন না।’