


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরীক্ষার গার্ড দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। জখম হলেন শিক্ষক-শিক্ষিকারা। আজ, মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। এদিন সকালে জলপাইগুড়ির বালাপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
একটি ম্যাজিক ভ্যানে চেপে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিলেন তাঁরা। তখন আচমকাই পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ওই ম্যাজিক ভ্যানটিতে। দুর্ঘটনায় শিক্ষকরা জখম হন। ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করেন তাঁদের। এরপর উত্তেজিত জনতা ম্যাজিক ভ্যানটিতে ধাক্কা মারা ওই গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।