


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে কাশ্মীরে গিয়ে সমস্যায় পড়েছেন বহু পর্যটক। ট্যুর বাতিলের হিড়িকও পড়েছে। বীরভূম জেলার পর্যটকদের অনেকেই ইতিমধ্যে ট্যুর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আজ, বৃহস্পতিবার সকালে বর্ধমান থেকে ট্রেনে চেপে সপরিবারে ভূস্বর্গে পৌঁছনোর কথা ছিল সাঁইথিয়ার একটি পরিবারের। তাঁরা ট্যুর প্ল্যান বাতিল করেছেন। সাঁইথিয়ার আরও একটি পরিবার মে মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর ট্যুরের পরিকল্পনা করেছিলেন। তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ক্ষতির সম্মুখীন হয়েছেন ট্যুর অপারেটররা।
কাশ্মীরে বেড়াতে গিয়ে হোটেলবন্দি সিউড়ির হাটজনবাজারের একটি পরিবার। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুনয়ন ভাণ্ডারী ও তাঁর ভাই কালীশঙ্কর ভাণ্ডারী সেখানকার একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে মুর্শিদাবাদের একটি পরিবারও রয়েছে। শনিবার তাঁদের পহেলগাঁও যাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে। এখন তাঁরা সকলেই বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। তাঁদের কথায়, পহেলগাঁও ও শ্রীনগরের মাঝে দূরত্ব যথেষ্ট হলেও জঙ্গিহানার পর এখানকার রাস্তাঘাট একপ্রকার শুনশান। দোকানপাট প্রায় সবই বন্ধ। রাস্তায় পুলিস ও সেনাকর্মীরা টহল দিচ্ছে। পর্যটকরা হোটেলের বাইরে পা রাখতে সাহস পাচ্ছেন না। সুনয়নবাবু বলেন, আমরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। আপাতত জম্মু ফেরার রাস্তা খারাপ থাকায় হোটেলেই অপেক্ষা করছি। রাস্তা ঠিক হলেই শ্রীনগর থেকে জম্মু হয়ে বাড়ির পথে রওনা দেব।
স্বপ্ন ছিল বাবা-মা সহ আত্মীয় পরিজনদের নিয়ে কাশ্মীর ঘুরতে যাবেন। প্রায় তিন মাস ধরে এনিয়ে বিস্তর আলোচনা চলছিল। শেষে ট্যুর অপারেটরের হাত ধরে কাশ্মীর ঘুরতে যাওয়ার দিনক্ষণও চূড়ান্ত হয়। ইতিমধ্যে ব্যাগপত্র গোছানোর কাজও শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালেই সাঁইথিয়া থেকে বর্ধমান হয়ে ট্রেনে চেপে সোজা ভূস্বর্গে রওনা হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু জঙ্গি হামলার জেরে সব পরিকল্পনা বিশবাঁও জলে। তড়িঘড়ি ট্যুর প্ল্যান বাতিল করেছেন সাঁইথিয়ার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমরনাথ দত্ত। তিনি বলেন, এবারই প্রথম কাশ্মীর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যেভাবে নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়ে খুন করা হয়েছে তাতে আর সাহস হচ্ছে না। ২৭ এপ্রিল কাশ্মীর পৌঁছনোর কথা ছিল। পহেলগাঁওয়ে এক রাত থাকার পরিকল্পনাও ছিল। মিনি সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন পূরণ হল না ঠিকই। কিন্তু মনে হচ্ছে ভগবান আমাদের রক্ষা করেছেন।
পর্যটকরা না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সাঁইথিয়ার ট্যুর অপারেটর শুভ্রেন্দু মজুমদার আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হয়েছেন। তিনি ইতিমধ্যে ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল, গাড়ির বুকিং বাতিলের কাজ শুরু করেছেন। তিনি বলেন, পর্যটকদের নিয়ে কাশ্মীরে পৌঁছে এধরনের বিপদের মুখে পড়তে হলে কী হতো তা ভেবে আঁতকে উঠছি। ভূস্বর্গে পর্যটকদের উপর এমন হামলা হতে পারে ভাবতে পারছি না। এর আগেও বহুবার পর্যটকদের নিয়ে কাশ্মীর ট্যুর করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ভয় কাটিয়ে ওঠা সহজ নয়। পর্যটকরা ট্যুর প্ল্যান বাতিল করায় শুরু করায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
টিকিট হাতে সাঁইথিয়ার বাসিন্দা অমরনাথ দত্ত। -নিজস্ব চিত্র