


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গুতে ফের স্বমহিমায় উত্তর ২৪ পরগনা। সপ্তাহতিনেক আগে রাজ্যের সব জেলার মধ্যে সংক্রমণের সংখ্যা শীর্ষস্থানে উঠে এসেছিল কলকাতা লাগোয়া এই জেলা। স্বাস্থ্যদপ্তরের সর্বশেষ অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, এখনও শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বছরের শুরু থেকে এখনও পর্যন্ত এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩২৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হুগলি, কলকাতা এবং মালদহ। প্রথম ১০টি জেলার মধ্যে ৬টিই এখন কলকাতাসহ লাগোয়া ছয় জেলা—কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়া। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্যদপ্তরের ৩০ অক্টোবরের অভ্যন্তরীণ রিপোর্ট সূত্রে এই খবর জানা গিয়েছে।