


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন মেনে লিঙ্গ পরিবর্তন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা। সুচেতনা থেকে হয়েছেন সুচেতন। তাঁর মতোই রাজ্যজুড়ে ছড়িয়ে আছেন এমন বহু মানুষ যাঁরা ২০০২ সালের পর লিঙ্গ পরিবর্তন করেছেন। ফলে ২০০২ সালের এসআইআর’এ নাম থাকা সত্ত্বেও ইনিউমারেশন ফর্ম পূরণ করা নিয়ে যথেষ্ট সংশয়ে কল্পনা নস্কর, সম্রাজ্ঞী দত্তরা। তাঁদের প্রশ্ন, যাঁরা ২০০২ সালের পর লিঙ্গ পরিবর্তন করেছেন তাঁদের ইনিউমারেশন ফর্ম পূরণ করা নিয়ে কী করণীয়, এ বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা না থাকায় সংশয় তৈরি হচ্ছে।
অন্যদিকে, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙনে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য সিইও অফিসে যায় গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি। তাঁদের দাবি, এসআআআর প্রক্রিয়া বাতিল করে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, আগামী নির্বাচনের নির্দেশিকা জারি করা হোক। ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষের জন্য ২০০২ সালের পূর্ববর্তী এবং পরবর্তী বছরের ভোটার তালিকা বিবেচনা করার নির্দেশিকা জারি হোক। বাদ পড়া ভোটারের তালিকা এবং খসড়া তালিকা থেকে বাদ পড়ার কারণ প্রকাশ করা হোক।