


সংবাদদাতা, খড়্গপুর: ‘যদি শশী পাঁজার বাড়িতে অ্যাটাক (আক্রমণ) হতে পারে, তবে কালীঘাটেও অ্যাটাক হতে পারে। মদন মিত্র বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে।’ প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার পরের দিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনই মন্তব্য করেছিলেন বিজেপির খড়্গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ। সেইসঙ্গেই তৃণমূল নেতাদের তিনি ‘ক্যালানোর’ হুমকিও দিয়েছিলেন। এরপরই গত ১৬ মার্চ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ানের অভিযোগ, এই ধরনের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ভোটারদের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল। যদিও, তৃণমূলের অভিযোগকে পাত্তা দিতে রাজি নন দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুর শহরে এনিয়ে দিলীপ বলেন, ‘তৃণমূল রোজ নির্বাচন কমিশনে চা খেতে যেতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো এখানে প্রচারে ব্যস্ত।’