


ভাটিকান সিটি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে বেরল সাদা ধোঁয়া। অর্থাৎ প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরিকে বেছে নিয়েছে ভাটিকান। বুধবার থেকে শুরু হয়েছে কার্ডিনালদের ‘কনক্লেভ’। বুধবার বিকেলের দিকে প্রথমবার গোপন ভোটাভুটিতে অংশগ্রহণ করেন ১৩৩ জন কার্ডিনাল। তবে চার ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। যার অর্থ, প্রথম দফায় ভোটাভুটির পর পোপ নির্বাচন করা সম্ভব হয়নি। এর পরেই নিজেদের বাসভবনে চলে যান কার্ডিনালরা। বৃহস্পতিবার ফের ভোটাভুটি হয়। এদিনও দু’দফা ভোটদানের পর কালো ধোঁয়া দেখা যায়। তবে মধ্যাহ্নভোজের পর ফের ভোটাভুটি শুরু হওয়ার পরেই বদলে যায় ছবিটা। দেখা যায়, চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরচ্ছে। ২৬৭তম পোপের নাম জানতে ইতিমধ্যে সেন্ট পিটার্স স্কোয়্যারে ভিড় জমিয়েছেন বহু মানুষ। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বাজতে শুরু করেছে মঙ্গল ঘণ্টা। এখন শুধু নতুন পোপের নাম জানার অপেক্ষা।
প্রথমদিন একবার হলেও পরবর্তীতে দিনে চারবার ভোটগ্রহণ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাইরে আসতে পারবেন না কার্ডিনালরা। কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। শুধুমাত্র ধোঁয়ার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারেন তাঁরা। দীর্ঘ রোগভোগের পর গত ২১ এপ্রিল প্রয়াত হন পোপ ফ্রান্সিস। তারপর থেকেই ‘কনক্লেভে’র প্রস্তুতি নিতে শুরু করেছে ভাটিকান। প্রসঙ্গত, পাঁচ রাউন্ড ভোটদানের পর নির্বাচিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস।